ডাকে বিনা মাশুলে পৌঁছানো হচ্ছে করোনা সরঞ্জাম

২৯ মার্চ, ২০২০ ১৬:৩৪  
বিনা মাশুলে দেশজুড়ে করোনা চিকিৎসা সহায়ক সরঞ্জাম পৌঁছে দিচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ। রাজধানীর তেজগাঁও কেন্দ্রীয় ঔষধাগার থেকে দেশব্যাপী ৬৪টি সিভিল সার্জন কার্যালয়ে পিপিই, কিডস এবং গণসচেতনতা মূলক লিফলেট পৌঁছানোর এই উদ্যোগ বাস্তবায়ন শুরু হয়েছে শনিবার থেকে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশনায় পুরো প্রক্রিয়াটি সার্বক্ষণিক দেখ-ভাল করছেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র। এছাড়াও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে ইন্টারনেট ও টেলিফোন সেবাকে জরুরী সেবার অন্তর্ভূক্ত করে গত ২৪ মার্চ সরকারি আদেশ জারি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বৈশ্বিক এই দুর্যোগের সময়েও দেশে নিরবচ্ছিন্ন ডিজিটাল সেবা নিশ্চিত করতে কাজ করছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারসহ ইন্টারনেট ও টেলিকম সেবায় নিয়োজিতরা।